কালীগঞ্জ পৌরসভার উদ্যোগে হস্তশিল্প, সেলাই ও বিউটিফিকেশন প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

কালিগঞ্জ থেকে :
প্রকাশের সময়: রবিবার, ৪ মে, ২০২৫ । ১১:৫০ অপরাহ্ণ

মুঃ সোহরাব আলী সরকার, কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের কালীগঞ্জ পৌরসভার উদ্যোগে হস্তশিল্প, সেলাই ও বিউটিফিকেশন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে। এসময় মোট ৭০ জন নারী তিনটি ট্রেডের প্রশিক্ষণার্থীর মাঝে প্রাথমিক কিটস বিতরণ করে প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা করা হয়।
রোববার (৪ মে) পৌর মিলনায়তনে এ-প্রশিক্ষণ কার্যক্রম আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. ইসমাইল ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক তনিমা আফ্রাদ।

এসময় বক্তব্য রাখেন উপজেলা প্রকৌশলী রেজাউল হক, কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আলাউদ্দিন, পৌর নির্বাহী কর্মকর্তা শ্যামল কুমার দত্ত, পৌর সভার সহকারী প্রকৌশলী মুন্নুর আহমেদ। এ সময় পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, প্রশিক্ষক-প্রশিক্ষণার্থী ও স্থানীয় গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, এ ধরনের প্রশিক্ষণের মাধ্যমে নারীরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবে বলে আমি বিশ্বাস করি। তাদের আত্মনির্ভরশীল করে গড়ে তুলতে এ প্রশিক্ষণ সহায়ক ভূমিকা রাখবে। নারীদের ক্ষমতায়ন ও দক্ষতা বৃদ্ধিতে পৌরসভা সব সময় পাশে থেকে কাজ করে যাবে।

সম্পাদক ও প্রকাশক : শাহ্ বোরহান মেহেদী, নির্বাহী সম্পাদক : গোলাম রাব্বানী অফিস: মেহেদী ভিলা, ঘোড়াশাল, নরসিংদী। ই-মেইল : pannewsbdbm@gmail.com, bmbmmehedi77777@gmail.com মোবাইল: 01715410468, 01865610720.

প্রিন্ট করুন