গোপালগঞ্জ প্রতিনিধি : জেলার মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কেন্দ্র চলছে চরম অনিয়ম আর অব্যবস্থাপনার মধ্য দিয়ে।
সরেজমিন উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে গিয়ে দেখা গেছে সেখানকার ভেতরাংশে কমপক্ষে ৩০টি অ্যাম্বুলেন্স এবং শতাধিক মোটরসাইকেল রয়েছে। সরকারি অ্যাম্বুলেন্স দেখা যায়নি। ব্যাক্তি মালিকানাধীন এসব অ্যাম্বুলেন্স এবং মোটরসাইকেল রাখার জন্য সংশ্লিষ্ট মালিকগন কারো অনুমতির তোয়াক্কা করেননি। এসব অ্যাম্বুলেন্স এবং মোটরসাইকেল রাখার কারনে সামগ্রিক স্বাস্থ্যসেবার পরিবেশ বিনষ্ট হচ্ছে।
নাম প্রকাশ না করার শর্তে একজন অ্যাম্বুলেন্স মালিক বলেন, আমরা আগে আমাদের অ্যাম্বুলেন্সগুলি রাস্তায় রাখতাম। গত কয়েক সপ্তাহ আগে থেকে আমরা বাধ্য হয়ে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের মধ্যে রাখছি। একজন মোটরসাইকেল মালিক বলেন,এখানে সাইকেল রাখা অপেক্ষাকৃত নিরাপদ, তাই রাখি।
উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে দায়িত্ব পালনরত আনসারদের গেটে দায়িত্ব পালন করার কথা থাকলেও তারা তা করেন না। গেট অবাধে খোলা থাকায় যে যেভাবে পারে সেভাবে ঢোকে এবং যার যা খুশি সে তাই করে।
এসব বিষয় নিয়ে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ভীষ্মদেব মন্ডলের সাথে আলাপ করা হলে তিনি বলেন, অ্যাম্বুলেন্স এবং মোটরসাইকেল রাখার বিষয়টি আমি জানি। আমি প্রতিদিনই দেখি। কিন্তু আমার বলার কিছুই নাই। তারা ওখানে বসে যা খুশি তাই করে। আমার সে সাহস নেই যে আমি তাদের নিষেধ করবো। এখানে দশজন আনসার দায়িত্ব পালন করার কথা থাকলেও মাত্র দুইজন দায়িত্ব পালন করে। বাকিদের ব্যয়ভার কে বা কারা দেখভাল করে তা জানিনা। তারা বাইরে ডিউটি না দিয়ে ভিতরে জরুরী বিভাগের পাশে একটি কক্ষে বসে থাকে। আমি কিছুই বলতে পারিনা।
সম্পাদক ও প্রকাশক: শাহ্ বোরহান মেহেদী
নির্বাহী সম্পাদক : গোলাম রব্বানী
ঠিকানা: ২২ ইন্দিরা রোড (৩য় তলা), ফার্মগেট তেজগাঁও, ঢাকা-১২১৫ , অস্থায়ী ঠিকানা: ঘোড়াশাল, পলাশ, নরসিংদী।
bmbmmehedi77777@gmail.com | 01865610720 01710-139473
Copyright © 2026 দৈনিক পাবলিক বাংলা. All rights reserved.