গোপালগঞ্জ প্রতিনিধি :গোপালগঞ্জ সদর উপজেলার সোনাসুর এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কের উপর যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই আরোহী নিহত হয়েছেন। আজ শনিবার সকালে ওই দুর্ঘটনায় মোটরসাইকেলটি বাসের চাকায় পিষ্ট হলে ঘটনাস্থলেই দুই আরোহীর মৃত্যু হয়।
নিহতরা হলেন খুলনার শিরোমণি এলাকার মো. কাউসারের ছেলে মো. তৌহিদুল ইসলাম (৩০) এবং পাইকগাছা উপজেলার মোহাম্মদ টুটুল সরদারের ছেলে রিফাত সরদার (২৫)।
দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করেন।
গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক শিপলু আহমেদ জানান, ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী বলেশ্বর পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি বাসের চাকায় পিষ্ট হয়ে দুই আরোহী ঘটনাস্থলেই নিহত হন।
গোপালগঞ্জের ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের ইনচার্জ মুনতাসির মাহমুদ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময় যান চলাচল বিঘ্নিত হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।
নিহতদের ব্যাপারে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করার পর পরিবারের সদস্যদের নিকট লাশ হস্তান্তর করা হবে।
সম্পাদক ও প্রকাশক: শাহ্ বোরহান মেহেদী
নির্বাহী সম্পাদক : গোলাম রব্বানী
ঠিকানা: ২২ ইন্দিরা রোড (৩য় তলা), ফার্মগেট তেজগাঁও, ঢাকা-১২১৫ , অস্থায়ী ঠিকানা: ঘোড়াশাল, পলাশ, নরসিংদী।
bmbmmehedi77777@gmail.com | 01865610720 01710-139473
Copyright © 2026 দৈনিক পাবলিক বাংলা. All rights reserved.