নওগাঁ সদর উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাদকবিরোধী বিশেষ অভিযানে ২৪০ গ্রাম গাঁজাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) নওগাঁ সদর উপজেলার চকপ্রান, মাস্টারপাড়া, দুবলহাটী ও চকপ্রাসাদ দক্ষিণপাড়াসহ বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, নওগাঁর 'ক' সার্কেলের একটি দল।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— নওগাঁ সদর উপজেলার চকপ্রান জোকাবিলা এলাকার আবুল কালাম আজাদের ছেলে ইমন (৩৩), মাস্টারপাড়া এলাকার বাছির মণ্ডলের ছেলে মিলন (৪৫) এবং চকপ্রাসাদ দক্ষিণপাড়া এলাকার আমিরুল ইসলামের ছেলে আটম সরদার।
অভিযান সূত্রে জানা যায়, পৃথক তিনটি অভিযানে তিনটি মোবাইল কোর্ট মামলা দায়ের করা হয়। অভিযানে মোট ২৪০ গ্রাম অবৈধ মাদকদ্রব্য গাঁজা জব্দ করা হয়। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. নাঈমুর রহমান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রত্যেক আসামিকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করেন। সাজা শেষে তাঁদের জেলহাজতে পাঠানো হয়।
অভিযানে প্রসিকিউশন দাখিল করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, নওগাঁর উপপরিদর্শক মো. তাইজুল ইসলাম।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, নওগাঁর উপপরিচালক মো. আলমগীর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
সম্পাদক ও প্রকাশক: শাহ্ বোরহান মেহেদী
নির্বাহী সম্পাদক : গোলাম রব্বানী
ঠিকানা: ২২ ইন্দিরা রোড (৩য় তলা), ফার্মগেট তেজগাঁও, ঢাকা-১২১৫ , অস্থায়ী ঠিকানা: ঘোড়াশাল, পলাশ, নরসিংদী।
bmbmmehedi77777@gmail.com | 01865610720 01710-139473
Copyright © 2026 দৈনিক পাবলিক বাংলা. All rights reserved.