নওগাঁ সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে শিক্ষার্থীদের অংশগ্রহণে বিনামূল্যে ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) সকাল থেকেই ইনস্টিটিউট ক্যাম্পাসে এই কর্মসূচি আয়োজন করা হয়।
‘ব্লাড সার্কেল’ নওগাঁ সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট শাখা এবং ‘বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি’ নওগাঁ পলিটেকনিক ইউনিটের যৌথ উদ্যোগে আয়োজিত এই ক্যাম্পেইনে ৬৯ জন শিক্ষার্থী বিনামূল্যে তাদের রক্তের গ্রুপ নির্ণয় করেন। পাশাপাশি স্বেচ্ছায় রক্তদানে আগ্রহী ৫৩ জন শিক্ষার্থী সংগঠনের সদস্য হওয়ার জন্য ফরম জমা দেন।
ব্লাড সার্কেল নওগাঁ পলিটেকনিক ইনস্টিটিউট শাখার সাধারণ সম্পাদক মো.হায়ালিল বলেন, “শিক্ষার্থীদের জরুরি প্রয়োজনে রক্তের গ্রুপ জানা থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই সচেতনতা থেকেই আমাদের এই আয়োজন। শিক্ষার্থীদের এমন স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং নতুন সদস্যদের যুক্ত হওয়া আমাদের আগামী দিনের মানবিক কার্যক্রমে আরও অনুপ্রাণিত করবে।”
ক্যাম্পেইন চলাকালীন ব্লাড গ্রুপ নির্ণয়ের সার্বিক কার্যক্রম পরিদর্শন করেন নওগাঁ সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) মো. আবু সাইম জাহান।
কার্যক্রম পরিদর্শন শেষে অধ্যক্ষ (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) মো. আবু সাইম জাহান বলেন, “শিক্ষার্থীদের এমন মানবিক ও সেবামূলক উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। পড়াশোনার পাশাপাশি এ ধরনের সামাজিক ও কল্যাণমূলক কর্মকাণ্ড শিক্ষার্থীদের দায়িত্ববোধ ও মানবিক মূল্যবোধ গঠনে বড় ভূমিকা রাখে।”
ক্যাম্পেইনে আরও উপস্থিত ছিলেন ইনস্টিটিউটের উপাধ্যক্ষ মো. আমিনুল ইসলাম, চিফ ইন্সট্রাক্টর ও বিভাগীয় প্রধান (নন-টেক) খোন্দকার মো. সোহাইল ইসলাম এবং রেড ক্রিসেন্ট নওগাঁ পলিটেকনিক ইউনিটের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক ফরিন্দ্রনাথ সরকার তুষার।
এ সময় ব্লাড সার্কেল, নওগাঁ এর সভাপতি মো.শাহনেওয়াজ রক্সি, সাধারণ সম্পাদক রিজভী আহমেদ রিজোয়ান, সাবেক সাধারণ সম্পাদক মো. নাহিদ হাসানসহ অন্যান্য নেতৃবৃন্দ এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি নওগাঁ সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট ইউনিটের সদস্যরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: শাহ্ বোরহান মেহেদী
নির্বাহী সম্পাদক : গোলাম রব্বানী
ঠিকানা: ২২ ইন্দিরা রোড (৩য় তলা), ফার্মগেট তেজগাঁও, ঢাকা-১২১৫ , অস্থায়ী ঠিকানা: ঘোড়াশাল, পলাশ, নরসিংদী।
bmbmmehedi77777@gmail.com | 01865610720 01710-139473
Copyright © 2026 দৈনিক পাবলিক বাংলা. All rights reserved.