গোপালগঞ্জ প্রতিনিধি : আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে জেলার বিভিন্ন ইউনিয়নে বিভিন্ন পদে সাম্ভাব্য প্রার্থীরা তফসিল ঘোষণার আগেই জোরেসোরে নেমে পড়েছে প্রচারণায়। ব্যানার,পোস্টার,লিফলেট, ফেস্টুন টানিয়ে যেমন ভোটারদের দৃষ্টি আকর্ষণ করাসহ দোয়া ও আশীর্বাদ চাচ্ছেন তেমনি জনসংযোগ করেও ভোটারদের মনের মনিকোঠায় ঠাই করে নিতে চাইছেন। এবার এখনও পর্যন্ত বর্তমান সরকারি দল বিএনপি দলীয় নেতারাই সাম্ভাব্য পদপ্রার্থী হিসেবে প্রচার চালাচ্ছেন বেশি। তাদের সাথে কিছু স্বতন্ত্র প্রার্থীদের প্রচারণাও চোখে পড়ছে। ইউপি নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন ইউনিয়নে বিএনপির সমর্থন পেতে একাধিক প্রার্থী প্রচারণা চালাচ্ছেন। সাম্ভাব্য প্রার্থীরা নেতাদের ছবি পোস্টার,ব্যানার,ফেস্টুনে দিয়ে এবং সরাসরি নেতাদের সাথে আলাপ করে সমর্থন আদায়ে চেষ্টা অব্যাহত রেখেছেন। সমর্থন পেলেই একধাপ এগিয়ে গেলেন বলে সাম্ভাব্য প্রার্থীরা সেদিকটা মাথায় রেখেই নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছেন।
সদর উপজেলার বৌলতলি ইউনিয়নের নিরবিন্দু বিশ্বাস নামে এক ব্যাক্তি চেয়ারম্যান পদে সাম্ভাব্য প্রার্থী হিসেবে বিভিন্ন এলাকায় ফেস্টুন টানিয়ে দিয়েছেন। তবে তার সাথে আলাপকালে তিনি বলেন, আমি চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ব্যাপারে গ্রীন সিগন্যাল পাইনি। অনেক চেষ্টা করেও তা হয়নি। আমি আমার ওয়ার্ড থেকে মেম্বার পদে নির্বাচনে প্রার্থী হবে বলে সিদ্ধান্ত নিয়েছি। এতে আমি গ্রীন সিগন্যাল পেয়েছি। আমি আমার এলাকার উন্নয়ন কল্পে প্রার্থী হবো। মানুষের সেবা করবো। এটাই আমার লক্ষ্য ও উদ্দেশ্য।
ওই ইউনিয়নের ১,২ ও ৩ নং সংরক্ষিত ওয়ার্ডের মহিলা সদস্য পদে প্রার্থী হবেন হাসিনা বেগম। তিনি বলেন, নারী উন্নয়নসহ বাস্তবমুখী পদক্ষেপ গ্রহণের মাধ্যমে আমি জনসেবা মুলক কর্মকাণ্ড পরিচালনা করে এলাকার সার্বিক উন্নয়নে অবদান রাখতে চাই।
একই ইউনিয়নের সাম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে প্রচারনা শুরু করেছেন কল্যান বিশ্বাস। তিনি বলেন, আমি ৩৬ বছর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করেছি। এখন অবসরে আছি। জনসেবার ব্রত নিয়ে নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হবো। আমি বিএনপি করি। বিএনপির সমর্থন নিয়েই নির্বাচনে প্রার্থী হবো। মাদক,সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত বৌলতলি ইউনিয়ন গড়তে চাই। ইউনিয়নবাসীর মৌলিক চাহিদা পুরনে এবং আধুনিক একটি ইউনিয়ন গড়ে তুলতে চেষ্টা করবো।
জেলার মুকসুদপুর উপজেলার পশারগাতি ইউনিয়নের চেয়ারম্যান পদে সাম্ভাব্য প্রার্থী হবেন সোয়েবুর রহমান সালমিন মিয়া। তার পিতা ওবায়দুর রহমান টুকু মিয়া ও ভাই মফিজুর রহমান মিরন মিয়া পশারগাতি ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন। তিনি নিজেও গত নির্বাচনে প্রার্থী হয়েছিলেন। প্রতিকুল রাজনৈতিক পরিস্থিতির মধ্যে নির্বাচন করে হেরে যান অল্প ব্যবধানে। বর্তমান ইউনিয়ন বিএনপির উপদেষ্টা সোয়েবুর রহমান সালমিন মিয়া বলেন, আমি গন মানুষের ভাগ্যন্নোয়নে কাজ করতে চাই। অবকাঠামো উন্নয়ন করা ও পরিচ্ছন্ন একটি ইউনিয়ন গড়া আমার লক্ষ্য। ডিজিটাল ইউনিয়ন পরিষদ গড়ে সব শ্রেণির মানুষের সেবা করার উদ্দেশ্যে আমি চেয়ারম্যান পদে প্রার্থী হতে চাই দলীয় সমর্থন নিয়ে।
একই উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের সাম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মাসুদুর রহমান জাকারিয়া বলেন,আমার পিতা তিনবার চেয়ারম্যান ও একবার প্রেসিডেন্সির প্রেসিডেন্ট ছিলেন। আমি আমার পিতার অসমাপ্ত কাজ করতে চাই। প্রান্তিক জনগোষ্ঠীকে এগিয়ে নিতে সার্বিক সেবামুলক কাজ করতে চাই।
জেলার কাশিয়ানি উপজেলার মেম্বার এবং বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান রেজাউল করিম মুন্সি আসন্ন নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান। সাম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী হিসেবে তিনি জনসংযোগ করছেন। মানুষের সেবায় আত্মনিয়োগ করেছেন বলে তিনি জানান। চলমান ক্ষয়িষ্ণু সমাজ ব্যবস্থার পরিবর্তন করতে তিনি আগ্রহী।
জেলার কোটালিপাড়া উপজেলার বান্ধাবাড়ী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মাহাবুব আলম খান সাম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে পথ চলা শুরু করেছেন। দলীয় সমর্থন আদায়ে সচেষ্ট জানিয়ে তিনি বলেন, আমি মাদক ও সন্ত্রাসমুক্ত একটি ডিজিটাল ইউনিয়ন পরিষদ গড়তে চাই। এলাকার রাস্তাঘাট ও খাল সংস্কার করতে চাই। পানি ও বিদ্যুৎ সেবাসহ সবধরনের সেবা নিশ্চিত করতে কাজ করতপ চাই ইউনিয়নবাসীর জন্য।
একই উপজেলার রামশীল ইউনিয়নের সাম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে প্রচারণা চালাচ্ছেন উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মিঠুন তালুকদার। তিনি বলেন,রামশীল ইউনিয়নকে একটি যুগোপযোগী ও ডিজিটাল ইউনিয়ন পরিষদ হিসেবে গড়ে তুলতে চাই। মানুষের সেবা করা আমার লক্ষ্য ও উদ্দেশ্য। আমি ইউনিয়নের জনগনের মৌলিক অধিকার আদায়সহ অবকাঠামো উন্নয়নে কাজ করবো। রাস্তা,ঘাট মেরামত ও সংস্কার,খাল সংস্কার,সুপেয় পানি ও সড়কবাতি নিশ্চতকরন আমার উদ্দেশ্য। আমি আমার কাজের মাধ্যমে গন মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে চাই।
ওই উপজেলার পিঞ্জুরী ইউনিয়নের সাম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মানিকুজ্জামান হাওলাদার বলেন,আমরা বিএনপি পরিবার। আমার পিতা বিএনপি করতেন। সে ধারাবাহিকতায় আমি এবং আমার পরিবারের অন্যান্যরাও বিএনপির রাজনীতির সাথে জড়িত। অবশ্যই আমি পিঞ্জুরী ইউনিয়নের উন্নয়নের লক্ষ্যে নির্বাচনে প্রার্থী হবো । আমি বিএনপির সমর্থন নিয়ে নির্বাচনে চেয়ারম্যান পদে লড়বো। কথায় নয় কাজের মাধ্যমে প্রমান করতে চাই যে জনসেবা করা কেবল অঙ্গীকার নয়। জনসেবা করা হলো মানবিক গুনাবলীর বহিঃপ্রকাশ ঘটানো। আমি পিঞ্জুরী ইউনিয়নকে একটি আদর্শ ও আধুনিক ইউনিয়ন পরিষদ হিসেবে গড়ে তুলতে চাই।
উপজেলার হিরন ইউনিয়নের সাম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে প্রচারনা শুরু করেছেন মাওলানা রইচ উদ্দিন শেখ। তিনি একজন সৌদি প্রবাসী। তার পক্ষ থেকে ব্যানার টানানো হয়েছে ইউনিয়নের বিভিন্ন স্থানে। তাতে দেখা গেছে তিনি অর্থের চেয়ে সততার মূল্য বেশি বলে উল্লেখ করেছেন। তার পিতা বলছেন, রইচ উদ্দিন মানুষের জন্য কাজ করার লক্ষ্য নিয়ে মাঠে নেমেছেন। আমার ছেলে ইউনিয়নের সকল শ্রেণি ও পেশার মানুষের দোয়া প্রার্থী।
গোপালগঞ্জ সদর উপজেলার পাইককান্দি ইউনিয়ন বিএনপির সেক্রেটারি মো: রইচ আলম সিকদার দলের সমর্থন নিয়ে সাম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী হয়ে সমগ্র ইউনিয়নবাসীর জন্য কাজ করতে চান। তিনি বলেন,আমি অকৃতদার। এই ইউনিয়নের মানুষই আমার পরিবার। আমি চেয়ারম্যান নির্বাচিত হলে এলাকার মানুষের ভাগ্যান্নোয়নে করবো।
এসব চেয়ারম্যান প্রার্থীরা সকলেই মানুষের জন্য কাজ করার কথা বলেছেন। সকলেই পরিচ্ছন্ন সমাজ ব্যবস্থা গড়ে তোলার অঙ্গীকার করেছেন। ঘুনে ধরা সমাজকে আলোকিত করতে চান তারা। তাদের আত্মবিশ্বাস এবং দৃড় মানসিকতা মনে আশার আলো জাগায় মাদক,সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত এক একটি ইউনিয়ন হয়ে উঠবে সত্যিকার জনসেবামুলক প্রতিষ্ঠান।০১৭১৫২৮৩৭১৪/০১৫৩৫২০১৭৯৪
১২/১১/২৬ ইং।
সম্পাদক ও প্রকাশক: শাহ্ বোরহান মেহেদী
নির্বাহী সম্পাদক : গোলাম রব্বানী
ঠিকানা: ২২ ইন্দিরা রোড (৩য় তলা), ফার্মগেট তেজগাঁও, ঢাকা-১২১৫ , অস্থায়ী ঠিকানা: ঘোড়াশাল, পলাশ, নরসিংদী।
bmbmmehedi77777@gmail.com | 01865610720 01710-139473
Copyright © 2026 দৈনিক পাবলিক বাংলা. All rights reserved.