গোপালগঞ্জ প্রতিনিধি : সদর উপজেলার সাতপাড় পশ্চিমপাড়া গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধ এবং মাদক বিক্রিতে বাধা দেওয়ার জেরে এক মুসলিম বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। চিকিৎসাধীন অবস্থায় ঢাকায় মারা যাওয়ার পর এলাকায় শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। নিহত বৃদ্ধের নাম মিজানুর রহমান (৬৫)।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ৪ নভেম্বর (বুধবার) সাতপাড় ইউনিয়ন ভূমি অফিসের বিপরীত পার্শ্বে পারিবারিক কলহ ও পূর্ব শত্রুতার জের ধরে এই হামলা চালানো হয়। জমিজমা নিয়ে বিরোধ এবং এলাকায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় মিজানুর রহমানের ওপর চড়াও হয় হামলাকারীরা। মারধরের পর গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে গোপালগঞ্জ ২৫০ বেড জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
পরবর্তীতে অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার একটি প্রাইভেট হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ ৬ নভেম্বর (শুক্রবার) রাত ১২:৩০ মিনিটে তিনি মারা যান।
এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে শুভ, খাদিজা, রাজিব, রবেন, হৃদয়, সুব্রতসহ রাজিবের স্ত্রী, রবিন এবং আরও বেশ কয়েকজনের নাম উঠে এসেছে।
ঘটনার পর নিহতের পরিবার ও স্থানীয়দের পক্ষ থেকে ক্ষোভ প্রকাশ করা হয়েছে। এ বিষয়ে গোপালগঞ্জ সদর থানায় মামলা দায়েরের কার্যক্রম চলমান রয়েছে বলে জানা গেছে।
সাতপাড় ইউনিয়নের চেয়ারম্যান কৌশিক কীর্তনীয়া বলেন,ঘটনাটি সম্পর্কে জানতে পেরেছি। এলাকার পরিস্থিতি পর্যবেক্ষনের জন্য সংশ্লিষ্ট ওয়ার্ড মেম্বারকে আমি দায়িত্ব দিয়েছি। পুলিশ কর্তৃপক্ষ আমার সাথে এখনও যোগাযোগ করেনি।
সম্পাদক ও প্রকাশক: শাহ্ বোরহান মেহেদী
নির্বাহী সম্পাদক : গোলাম রব্বানী
ঠিকানা: ২২ ইন্দিরা রোড (৩য় তলা), ফার্মগেট তেজগাঁও, ঢাকা-১২১৫ , অস্থায়ী ঠিকানা: ঘোড়াশাল, পলাশ, নরসিংদী।
bmbmmehedi77777@gmail.com | 01865610720 01710-139473
Copyright © 2026 দৈনিক পাবলিক বাংলা. All rights reserved.