গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জ-১ (মুকসুদপুর-কাশিয়ানী) আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম। শিক্ষার্থীদের শুধু ভালো ফলাফল অর্জন নয়, মানবিক ও নৈতিক মূল্যবোধসম্পন্ন মানুষ হিসেবে গড়ে ওঠার আহ্বান জানিয়েছেন
আজ বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে গোপালগঞ্জের মুকসুদপুর সরকারি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ, বার্ষিক সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ এবং সুপেয় পানির ফিল্টার সংস্কার ও আধুনিকীকরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
সেলিমুজ্জামান সেলিম বলেন, আধুনিক বাংলাদেশ গড়ার যে স্বপ্ন প্রধানমন্ত্রী দেখছেন, সেই স্বপ্ন বাস্তবায়নের কারিগর হবে আজকের নবীন শিক্ষার্থীরা। তাই শিক্ষার্থীদের শুধু ভালো ফলাফল করলেই চলবে না, প্রকৃত মানুষ হিসেবে গড়ে উঠতে হবে। মানবিক ও নৈতিক মূল্যবোধ ধারণের পাশাপাশি মা-বাবা ও শিক্ষকদের সম্মান করতে হবে।
তিনি আরও বলেন, কলেজ কর্তৃপক্ষ এখন নিজেদের পরিকল্পনা ও পছন্দ অনুযায়ী স্বাধীনভাবে অনুষ্ঠান আয়োজন করতে পারছে। অতীতে এ ধরনের আয়োজনে নানা ছোটখাটো জটিলতা ও প্রতিবন্ধকতা ছিল। আজ থেকে শিক্ষার্থীদের এসব জটিলতা থাকবে না ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জের জেলা প্রশাসক মো: আরিফ-উজ-জামান, পুলিশ সুপার মো: হাবিবুল্লাহ, ইউরোপিয়ান ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক সাবরিনা বিনতে আহমেদ, মুকসুদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদ আশিক কবির, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল ছালাম খান, সাধারণ সম্পাদক মো: তারিকুল ইসলাম রাজু এবং যুবদলের কেন্দ্রীয় কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মাহামুদুল হাসান বাপ্পী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুকসুদপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো: লুৎফর রহমান। সঞ্চালনা করেন কলেজের শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক কবি মাহবুব হাসান বাবর।
অনুষ্ঠানের শুরুতে একাদশ শ্রেণির নবীন শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেওয়া হয়। পরে বার্ষিক সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।
সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম এদিন মুকসুদপুর উপজেলার টেংরাখোলা মৃধাবাড়ী থেকে আটাডাঙ্গার বাওড় পর্যন্ত খাল পরিষ্কার কর্মসূচি উদ্বোধন ,কাশিয়ানিতে নতুন কুঁড়ি কর্মসূচি উদ্বোধনসহ বিভিন্ন কর্মসূচিতে যোগদান করেন।
সম্পাদক ও প্রকাশক: শাহ্ বোরহান মেহেদী
নির্বাহী সম্পাদক : গোলাম রব্বানী
ঠিকানা: ২২ ইন্দিরা রোড (৩য় তলা), ফার্মগেট তেজগাঁও, ঢাকা-১২১৫ , অস্থায়ী ঠিকানা: ঘোড়াশাল, পলাশ, নরসিংদী।
bmbmmehedi77777@gmail.com | 01865610720 01710-139473
Copyright © 2026 দৈনিক পাবলিক বাংলা. All rights reserved.