নওগাঁর মান্দায় এক তরুণীকে ধর্ষণচেষ্টার অভিযোগ এবং এ ঘটনায় বিভিন্ন মাধ্যমে অপপ্রচার চালানোর প্রতিবাদে, প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন করেছেন এলাকাবাসী।
শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে উপজেলার ভালাইন ইউনিয়নের বৈলশিং মধ্যপাড়া ঈদগাহ মাঠ এলাকায় এ প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনের সূত্রে জানা যায়, বৈলশিং সাহাপাড়া গ্রামের এক তরুণীকে ধর্ষণচেষ্টার অভিযোগে শফি প্রামাণিকের ছেলে শিশ মোহাম্মদ আল মামুনের বিচারের দাবি জানানো হয়। একই সঙ্গে এ ঘটনায় অপপ্রচার চালানোর অভিযোগে ফারুক প্রামাণিক, জামান প্রামাণিক ও এমদাদুল মণ্ডলের শাস্তির দাবিও জানান স্থানীয়রা।
মানববন্ধনে ভুক্তভোগীর ফুফু সেলিনা বেগম অভিযোগ করে বলেন, ঘটনার দিন মাগরিবের আজানের পর পরিবারের সদস্যরা মসজিদে নামাজ আদায় এবং অন্যান্য কাজে ব্যস্ত ছিলেন। এই সুযোগে অভিযুক্ত আল মামুন পানি খাওয়ার কথা বলে বাড়িতে প্রবেশ করেন। পরে তরুণীকে পেছন থেকে জড়িয়ে ধরে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করেন। এ সময় ধস্তাধস্তিতে তরুণীর পরনের কাপড় ছিঁড়ে যায়। তাঁর চিৎকার শুনে সেলিনা বেগমসহ আশপাশের লোকজন ছুটে এসে অভিযুক্ত মামুন কে আটক করেন।
ভুক্তভোগীর পরিবারের দাবি, তরুণীর মা দুই বছর আগে মারা গেছেন। তাঁর বাবা শারীরিক প্রতিবন্ধী এবং ঠিকমতো কথা বলতে পারেন না। পরিবারের এমন অসহায় পরিস্থিতির সুযোগ নিয়ে অভিযুক্ত ওই যুবক এ ঘটনা ঘটিয়েছেন।
স্থানীয় বাসিন্দা আব্দুল লতিফ বলেন, একজন অসহায় তরুণীর সঙ্গে এমন ঘটনার বিচার চাওয়ার পরিবর্তে উল্টো বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার চালানো হচ্ছে। কয়েকজন ব্যক্তি অভিযুক্তের পক্ষে অবস্থান নিয়ে বিচারপ্রক্রিয়া বাধাগ্রস্ত করার চেষ্টা করছেন।
মানববন্ধনে বক্তারা ঘটনার সুষ্ঠু তদন্ত, নিরপেক্ষ বিচার এবং অভিযোগের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান। একই সঙ্গে ভুক্তভোগী তরুণী ও তাঁর পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান তাঁরা।
সম্পাদক ও প্রকাশক: শাহ্ বোরহান মেহেদী
নির্বাহী সম্পাদক : গোলাম রব্বানী
ঠিকানা: ২২ ইন্দিরা রোড (৩য় তলা), ফার্মগেট তেজগাঁও, ঢাকা-১২১৫ , অস্থায়ী ঠিকানা: ঘোড়াশাল, পলাশ, নরসিংদী।
bmbmmehedi77777@gmail.com | 01865610720 01710-139473
Copyright © 2026 দৈনিক পাবলিক বাংলা. All rights reserved.