বাংলাদেশের সব নাগরিককে সমানভাবে দেখার পাশাপাশি ছেলে ও মেয়েদের জন্য সমান সুযোগ নিশ্চিত করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাজধানীর বাংলাদেশ শিশু একাডেমিতে শিশু অধিকার দিবস-২০২৬ ও বাংলাদেশ শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উদযাপনের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, বর্তমানে বাংলাদেশ একটি কঠিন অর্থনৈতিক পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। যুদ্ধ এবং বিগত সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের কারণে দেশকে এ পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে। সবাইকে নিয়ে যে বাংলাদেশ গড়ার চিন্তা করা হচ্ছে, সেখানে শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। শিশুদের স্বার্থে আগামীর পথনির্দেশনা বাস্তবায়নে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
তিনি বলেন, যেকোনো সভ্য সমাজে শিশুদের সৃজনশীলতা ও মেধার বিকাশে একটি একাডেমি থাকা প্রয়োজন। বাংলাদেশ শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উদযাপন হয়েছে। শিশুদের ভবিষ্যৎ গঠনের রূপরেখা তৈরিতে এটি একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান।
শিশুদের অভিভাবকদের উদ্দেশে অর্থমন্ত্রী বলেন, সন্তানদের সঙ্গে মা-বাবার যোগাযোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিশুরা বিভিন্ন বিষয়ে প্রশ্ন করলে তাদের উত্তর দেওয়া উচিত। তাদের জানার ও শেখার সুযোগ তৈরি করতে হবে। যখন যে শিক্ষার প্রয়োজন, তখন তাদের সেই শিক্ষা দিতে হবে।
তিনি আরও বলেন, আগামীর বাংলাদেশে শুধু লেখাপড়ায় ভালো করলেই হবে না। খেলাধুলা, অঙ্কন ও সংগীতেও ভালো করতে হবে। গান শেখার পাশাপাশি সাংস্কৃতিকভাবে নিজেদের গড়ে তুলতে হবে, যাতে শিশুদের মধ্যে বাংলাদেশের সংস্কৃতির শক্ত ভিত তৈরি হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সেলিমা রহমান এমপি।
সম্পাদক ও প্রকাশক: শাহ্ বোরহান মেহেদী
নির্বাহী সম্পাদক : গোলাম রব্বানী
ঠিকানা: ২২ ইন্দিরা রোড (৩য় তলা), ফার্মগেট তেজগাঁও, ঢাকা-১২১৫ , অস্থায়ী ঠিকানা: ঘোড়াশাল, পলাশ, নরসিংদী।
bmbmmehedi77777@gmail.com | 01865610720 01710-139473
Copyright © 2026 দৈনিক পাবলিক বাংলা. All rights reserved.