সিদ্ধিরগঞ্জে পরিবহন শ্রমিক সজীবকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগে করা মামলার বাদী নিহতের মা ও পরিবারের সদস্যদের হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।
এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় জিডি করেও প্রশাসনের সহযোগিতা না পাওয়ায় আতঙ্কে দিন কাটাচ্ছে নিহত সজীবের মা, স্ত্রী ও সন্তানসহ পরিবারটি। গতকাল বৃহস্পতিবার সিদ্ধিরগঞ্জ প্রেস ক্লাব কার্যালয়ে এসে সাংবাদিকদের কাছে এ অভিযোগ করেন নিহত সজীবের মা শিরিনা আক্তার, তার স্ত্রী ও সন্তান।
মামলার বাদী নিহতের মা শিরিনা আক্তার অভিযোগ করেন, ঘটনার ৪ দিন পর র্যাব প্রধান আসামি মাইকেল (৪৫) এবং তার পুত্র মো. আপনকে (২২) গ্রেপ্তার করে পুলিশে হস্তান্তর করে। তাদের আদালতে পাঠানোর ৪০ দিন পরও তাদের কাছ থেকে কোনো জবানবন্দি নেয়নি পুলিশ। এর ফলে আমরা ন্যায়বিচার পাওয়া নিয়ে আশঙ্কায় দিন কাটাচ্ছি।
তাছাড়াও এজাহারে আরও ৪ জনসহ ৮/১০ জন খুনের ঘটনার সঙ্গে জড়িত থাকলেও পুলিশ আজ পর্যন্ত কাউকে গ্রেপ্তার করেনি। ওই পলাতক আসামিসহ গ্রেপ্তার হওয়া আসামিদের স্বজনেরা আমাদের প্রতিনিয়ত হত্যার হুমকি দিয়ে আসছে। মামলা তুলে না নিলে আমাকে ও আমার আরেক ছেলে সজলসহ পরিবারের সবাইকে হত্যার হুমকি দিয়ে আসছে।
কান্নাজড়িত কণ্ঠে শিরিনা আক্তার আরও বলেন, ছেলে হত্যার বিচার চেয়ে দ্বারে দ্বারে ঘুরছি। হত্যার বিচার পাওয়ার পরিবর্তে নিজের ও পরিবারের সবার জীবন হুমকির মুখে। সারাক্ষণ আতঙ্কে দিন কাটাতে বাধ্য হচ্ছি। আসামি মাইকেলের পরিবার, তার মাদক বিক্রির সঙ্গে জড়িত সাঙ্গপাঙ্গরা প্রতিনিয়তই আমাদের হুমকি দিচ্ছে।
এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় জিডি করলেও কোনো পদক্ষেপ নেয়নি পুলিশ। উল্টো হুমকি আরও বেড়েছে। উপায়ন্তর না পেয়ে আপনাদের (সাংবাদিকদের) কাছে আসছি। আপনাদের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীসহ সংশ্লিষ্ট সবার কাছে আবেদন—ছেলে হত্যার সুষ্ঠু বিচার ও আমাদের জীবন রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে আমাদের বাঁচান। এ সময় নিহত সজীবের স্ত্রী, একমাত্র স্কুলপড়ুয়া ছেলে ও বোন উপস্থিত ছিলেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মাসুম বিল্লাহ বলেন, হুমকির বিষয়টি তদন্ত করছি। মামলাটি সম্পূর্ণ তদন্ত করে দ্রুতই আদালতে চার্জশিট দাখিল করা হবে।
মামলার বিবরণে জানা যায়, গত ২৪ আগস্ট রাতে সিদ্ধিরগঞ্জ থানাধীন গোদনাইল ধনকুন্ডা ক্যানেলপাড় এলাকায় নিজ বাসায় ফেরার সময় মাদক ব্যবসার প্রতিবাদ করায় মো. জাহাঙ্গীরের ছেলে মো. সজীবকে (৩২) ছুরিকাঘাতে নির্মমভাবে হত্যা করা হয়।
এ ঘটনায় নিহত সজীবের মা শিরিনা আক্তার বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় মাইকেল, মো. আপন, মো. তাহসিন, মো. নুরুজ্জামান, মো. আকাশ ও মো. ইমনসহ অজ্ঞাতনামা আরও ৪/৫ জনের বিরুদ্ধে মামলা (নং-৬২) দায়ের করেন। মামলার এজাহারভুক্ত আসামিদের মধ্যে মাইকেল ও তার ছেলে আপনকে গ্রেপ্তার করা হলেও অন্য আসামিরা এখনও গ্রেপ্তার হয়নি।
এর ফলে এলাকায় মাদক ব্যবসা অব্যাহত থাকায় এলাকাবাসী ক্ষোভ জানিয়ে নিহত সজীবের খুনের সঙ্গে জড়িত মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তার করে দ্রুত বিচার এবং এলাকার মাদক ব্যবসা নির্মূলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক জানান, মামলার দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।
সম্পাদক ও প্রকাশক: শাহ্ বোরহান মেহেদী
নির্বাহী সম্পাদক : গোলাম রব্বানী
ঠিকানা: ২২ ইন্দিরা রোড (৩য় তলা), ফার্মগেট তেজগাঁও, ঢাকা-১২১৫ , অস্থায়ী ঠিকানা: ঘোড়াশাল, পলাশ, নরসিংদী।
bmbmmehedi77777@gmail.com | 01865610720 01710-139473
Copyright © 2026 দৈনিক পাবলিক বাংলা. All rights reserved.