জামালপুরের মাদারগঞ্জে ট্রান্সফর্মার চুরি: সংঘবদ্ধ চোরচক্রের ৫ সদস্য গ্রেফতার
মোহাম্মদ আলী জিন্নাহ, জামালপুর প্রতিনিধি : মাদারগঞ্জে ট্রান্সফরমার চুরির ঘটনায় সংঘবদ্ধ চোরচক্রের ৫ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।
১৪ সেপ্টেম্বর সোমবার রাতে অভিযান পরিচালনা করে জামালপুরের মাদারগঞ্জে পল্লী বিদ্যুতের ট্রান্সফরমারের অভ্যন্তরীণ তামার কয়েল চুরির ঘটনায় সংঘবদ্ধ চক্রের ৫ সদস্যকে গ্রেফতার করেছে মাদারগঞ্জ মডেল থানা পুলিশ।
১৫ সেপ্টেম্বর ২০২৬ তারিখ রাত আনুমানিক ০১:৪৫ ঘটিকার সময় মাদারগঞ্জ থানাধীন পূর্ব সুখনগরী এলাকায় অভিযান পরিচালনা করে ট্রান্সফরমার চুরির সময় তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের হেফাজত থেকে ট্রান্সফরমারের কয়েল চুরিতে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করে যথাযথ জব্দ তালিকার মাধ্যমে জব্দ করা হয়েছে।
গ্রেফতারকৃত আসামিদের হলেন
গাবেরগ্রাম এলাকার
মোঃ রাসেল (২২),
চর নাদাগাড়ী এলাকার মোঃ সুমন (২৮)
,বীর নাদাগাড়ী এলাকার নুরু মিয়া @ সুমন (২৮),
মোঃ সেলিম (৩২)
মোঃ রবিনুর ইসলাম (২৮)
তাদেরকে মঙ্গলবার দুপুরে জামালপুর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী
গ্রেফতারকৃত আসামি মোঃ রবিনুর ইসলাম (২৮) বিজ্ঞ আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান করেছেন। তাঁর প্রদত্ত জবানবন্দী মামলার তদন্তে প্রাসঙ্গিক তথ্য হিসেবে বিবেচনা করে তদন্তকারী কর্মকর্তা প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম গ্রহণ করছেন।
মামলার বিস্তারিত
এ ঘটনায় মাদারগঞ্জ মডেল থানার মামলা নং-০৮, তারিখ-০৯/০৯/২০২৬ খ্রিস্টাব্দ, ধারা-৩৭৯/৩৪ পেনাল কোড রুজু করা হয়েছে।
প্রাথমিক তদন্তে জানা যায়, মাদারগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় বৈদ্যুতিক পোল থেকে পল্লী বিদ্যুতের ট্রান্সফরমারের অভ্যন্তরে থাকা তামার কয়েল সংঘবদ্ধভাবে চুরি করা হচ্ছিল। লোডশেডিংয়ের সময় রাতের অন্ধকারকে কাজে লাগিয়ে এসব চুরি সংঘটিত করার তথ্য পাওয়া গেছে।
এর আগে ২৯/০৮/২০২৬ তারিখ রাত আনুমানিক ২২:৩০ ঘটিকা থেকে ৩০/০৮/২০২৬ তারিখ সকাল আনুমানিক ০৮:০০ ঘটিকার মধ্যে মাদারগঞ্জ পৌরসভাধীন গাবেরগ্রাম এলাকায় মাদারগঞ্জ আফতাব হুদা জোহা সরকারি কলেজের পাশে আশ্রয়ণ প্রকল্প সংলগ্ন বৈদ্যুতিক পোল নং MA1-1A-43-L15-3 থেকে একটি ১৫ কেভিএ ট্রান্সফরমারের অভ্যন্তরীণ তামার কয়েল চুরি হয়। চুরি যাওয়া কয়েলের আনুমানিক মূল্য ১,০৭,০০০/- (এক লক্ষ সাত হাজার) টাকা।
এছাড়াও মাদারগঞ্জ জোনাল অফিস ও কয়ড়া সাব-জোনাল অফিসের আওতাধীন বিভিন্ন এলাকায় একই ধরনের ট্রান্সফরমার/কয়েল চুরির ঘটনা তদন্তে উঠে এসেছে। এসব ঘটনায় গ্রাহকরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি বিদ্যুৎ বিতরণ ব্যবস্থায় বিঘ্ন সৃষ্টি হচ্ছে।
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি চুরি হওয়া মালামাল উদ্ধার, ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য ব্যক্তিদের শনাক্ত ও গ্রেফতার এবং সংঘবদ্ধ চক্রটির মূল রহস্য উদঘাটনে তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।
জামালপুর জেলার পুলিশ সুপার জনাব মোছাঃ ফারহানা ইয়াসমিন বলেন, সরকারি সম্পদ ও জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে জামালপুর জেলা পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার চুরির সঙ্গে জড়িত কোনো ব্যক্তি বা চক্রকে ছাড় দেওয়া হবে না। তদন্তের মাধ্যমে চক্রটির অন্যান্য সদস্য ও চোরাই মালামালের অবস্থান শনাক্ত করে তাদের আইনের আওতায় আনা হবে।
তিনি আরও বলেন, জনগণের বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা সচল রাখা এবং এ ধরনের চুরি প্রতিরোধে পুলিশ ও পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষের সমন্বিত কার্যক্রম জোরদার করা হবে। এ ধরনের অপরাধ সম্পর্কে কোনো তথ্য পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে পুলিশকে জানানোর জন্য তিনি স্থানীয় জনগণের প্রতি আহ্বান জানান।



আপনার মতামত লিখুন